জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

 জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন ট্রাইব্যুনাল প্রথমে দুই আসামির অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করে দেন। পরে তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পড়ে শোনান বিচারপতি শফিউল আলম মাহমুদ। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এ মামলার দুই আসামির মধ্যে জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। আজ সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

এর আগে গত ১৫ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগের বিরোধিতা করে দাবি করেন, এসব ঘটনার সঙ্গে জয় বা পলকের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠনের আরজি জানান।

মামলায় উল্লিখিত তিনটি অভিযোগ হলো— জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানি দেন পলক, যার জেরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। দ্বিতীয়ত, ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা ও হত্যায় সহায়তা করা, যার ফলে রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন শহীদ হন। তৃতীয়ত, উত্তরায় ৩৪ জন হত্যায় সহায়তা করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন