জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার আদেশ প্রদান করবেন। এর আগে গত ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে আদেশের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন এবং বিচার শুরুর আবেদন জানান। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন জুনায়েদ আহমেদ পলক। এর জের ধরে পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা একযোগে বর্বরোচিত হামলা চালায়। এছাড়া দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেওয়ার মাধ্যমে হত্যাযজ্ঞে সহায়তা করেছেন তারা। যার ফলে রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন প্রাণ হারান। তৃতীয় অভিযোগে উত্তরায় ৩৪ জনকে হত্যার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতা ও সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা এসব অভিযোগের তীব্র বিরোধিতা করেন। ট্রাইব্যুনালে উপস্থিত আসামি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এবং পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম শুনানি করেন। তারা দাবি করেন, প্রসিকিউশন আনীত এসব অভিযোগের সঙ্গে জয় বা পলকের কোনো সরাসরি সংশ্লিষ্টতা নেই। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই দাবি করে তারা মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। তবে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল ক্র্যাকডাউন এবং ইন্টারনেট ব্ল্যাকআউট করে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে তাদের ভূমিকা অত্যন্ত স্পষ্ট।

উল্লেখ্য, এই মামলায় গত ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আদালতে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। একই দিনে কারাগারে থাকা জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশন কর্তৃক জমা দেওয়া ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নিয়েছিলেন আদালত। আজকের আদেশের ওপর নির্ভর করছে এই দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে কি না।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন