সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি পারিজাত ফুলগাছ রোপণ করেন। সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি নতুন ১ নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তাঁর দাপ্তরিক কাজ শুরু করেছেন।

একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করবেন। এটি মূলত পরিচিতিমূলক বৈঠক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সেখানে সংক্ষিপ্ত আলোচনার সম্ভাবনা রয়েছে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, যেখানে তিনি প্রশাসনের গতিশীলতা ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে দিকনির্দেশনা দিতে পারেন। এছাড়া এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বরণ করতে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। করিডোরগুলো নতুন ফুলের টব দিয়ে সাজানো হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক স্থাপন করা হয়েছে। নিরাপত্তার জন্য ১ নম্বর ভবন ঘিরে সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াডসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কঠোর পরিচয়পত্র যাচাই শেষে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। দীর্ঘ দুই দশক পর চতুর্থবারের মতো ক্ষমতায় আসা বিএনপির দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তারেক রহমান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন