মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

নতুন এই রণতরী যুক্ত হওয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট তিনটি বিমানবাহী রণতরী অবস্থান করছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের কয়েকশ অত্যাধুনিক যুদ্ধবিমান এবং প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা মোতায়েন রয়েছেন, যা সামরিক বিশ্লেষকদের মতে অত্যন্ত অস্বাভাবিক ও নজিরবিহীন। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে মার্কিনিদের তিনটি রণতরী অবস্থান করছিল, যা ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর প্রথম কোনো ঘটনা ছিল।

একজন মার্কিন কর্মকর্তার সূত্রে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রণতরীটি সেন্টকম এলাকায় প্রবেশ করে। শুরুতে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’-এর মাধ্যমে আগে থেকে অবস্থানরত ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরীটিকে প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল পেন্টাগনের। তবে অঞ্চলটির দ্রুত পরিবর্তনশীল ও উত্তপ্ত পরিস্থিতির কথা বিবেচনা করে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েনের দিনেই বাহরাইনে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় কোনো দেশে এটিই ইরানের প্রথম সরাসরি হামলা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড পাল্টা দাবি করে জানিয়েছে, তারা ইরানের পাঠানো দুটি ড্রোন আকাশেই সফলভাবে প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এই ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলে নানা কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি।

চরম এই সামরিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের জন্য মাস্কাট সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যা বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকালবেলা/ নুসরাত