সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে: ডা. জুবাইদা রহমান

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে: ডা. জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক: বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশে যদি পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা যায়, তবে রাজধানী ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও খুব সহজেই যথাযথ অস্ত্রোপচার ও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সম্প্রতি রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলন-এ এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে দেশের চিকিৎসা খাতের একটি বাস্তব চিত্র তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার আমাদের এই বাংলাদেশে বর্তমানে অ্যানেস্থেসিওলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা মাত্র ৩ হাজার। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রতি ১ লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক সুপারিশ ও চিকিৎসাবিজ্ঞানের মানদণ্ড অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের জন্য অন্তত চার থেকে পাঁচজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট থাকা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকের এই ঘাটতি দূর করার মাধ্যমে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।

উক্ত আন্তর্জাতিক সম্মেলনে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ প্রমুখ।

সকালবেলা/ নুসরাত