সিপিএ ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্য পার্লামেন্ট সফরে বাংলাদেশের সংসদীয় দল

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
সিপিএ ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্য পার্লামেন্ট সফরে বাংলাদেশের সংসদীয় দল

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে একটি সংসদীয় প্রতিনিধি দল। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে পাঁচ দিনের এই সরকারি সফরে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে দলের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

আগামী ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সংসদীয় কমিটি ব্যবস্থা, আধুনিক আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি (ওভারসাইট) বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করা হবে।

জাতীয় সংসদ সচিবালয় আশা প্রকাশ করছে, গুরুত্বপূর্ণ এই সফরের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদ ও যুক্তরাজ্য পার্লামেন্টের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে।

সকালবেলা/ নুসরাত