হিটলারের নাম ব্যবহার করে পিৎজা অর্ডার, রুশ শিক্ষার্থীর জেল
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় খাবার অর্ডার করতে গিয়ে ‘অ্যাডলফ হিটলার’ নাম ব্যবহার করায় ১৮ বছর বয়সি এক কলেজ শিক্ষার্থীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইনে নিষিদ্ধ প্রতীক শেয়ার করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ওই শিক্ষার্থী রেস্তোরাঁয় পিৎজা অর্ডারের সময় হিটলারের নাম ব্যবহার করেন। পরবর্তীতে তদন্তে তার বিরুদ্ধে অনলাইনে নাৎসি প্রতীক প্রচার ও উস্কানির অভিযোগও পাওয়া যায়।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত তরুণ তার কলেজের ডেস্কে নিষিদ্ধ নাৎসি প্রতীক এঁকে ছবি তুলে একটি অনলাইন চ্যাট গ্রুপে শেয়ার করেছিলেন। বিষয়টি স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্বের নজরে এলে পুলিশ তদন্ত শুরু করে এবং পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তিনি কোনো বাধা দেননি এবং নিজের কাজের জন্য অনুতাপ প্রকাশ করেন বলে জানিয়েছে পুলিশ। তিনি স্বীকার করেন, তার কাজের পরিণতি সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন ছিলেন না। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতিও দেন তিনি।
|