বাগেরহাটে আমির হামজা হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
বাগেরহাটে আমির হামজা হত্যা মামলার আসামি গ্রেফতার

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেল’ (৩৬)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।

গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। আজ র‍্যাব-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেল খুলনা সদর থানার চাঁনমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে ফেরারি হিসেবে আত্মগোপন করেছিলেন।

র‍্যাব জানায়, গত ২০ মার্চ পূর্বশত্রুতার জের ধরে সোহেলসহ মামলার অন্যান্য আসামিরা মোটরসাইকেলে করে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে আমির হামজাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেছা বাদী হয়ে চিতলমারী থানায় সোহেলসহ একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৬ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে র‍্যাবের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন