লেবাননে হামলায় ইসরায়েলের ডজনের বেশি সেনা হতাহত

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ণ
লেবাননে হামলায় ইসরায়েলের ডজনের বেশি সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষে ইসরায়েলি কমান্ডো ব্রিগেডের অন্তত একজন সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, শুক্রবার রাত দেড়টার দিকে নাবাতিন অঞ্চলের কেফার তেবনিত গ্রামে ইসরায়েলি সেনাদের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা একঝাঁক রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায়। এই হামলায় নিহত সেনা হলেন কমান্ডো ব্রিগেডের ‘মাগলান’ ইউনিটের প্রথম শ্রেণির সার্জেন্ট নির বেন আরি (২১)। আহত ১৩ জন সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক পর্যায় থেকে আসা নতুন নির্দেশনায় বলা হয়েছে, সেনাবাহিনী বর্তমানে কোনো সক্রিয় হামলা চালাচ্ছে না। এর পরিবর্তে কেবল নির্ধারিত নিরাপত্তা জোনে ‘আত্মরক্ষামূলক কার্যক্রম’ পরিচালনা করা হবে।

তবে ইসরায়েল স্পষ্ট করেছে যে, হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে বা আক্রমণ অব্যাহত রাখে, তবে আত্মরক্ষার খাতিরে ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন