প্রত্যাশা ছাড়াই অভিনয় ক্যারিয়ারে ছুটছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
প্রত্যাশা ছাড়াই অভিনয় ক্যারিয়ারে ছুটছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার নতুন সিনেমা ‘জয়িতা’র শুটিং নিয়ে। দীর্ঘ অভিনয় জীবনে বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ভাষার সিনেমায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার জগতেও তিনি বেশ সফল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের পথচলা ও প্রত্যাশা নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুটা নিয়ে ঋতুপর্ণা বলেন, “আমি ইন্ডাস্ট্রিতে কোনো আশা নিয়ে কাজ করি না। হঠাৎ করেই এখানে এসেছি। আসার কথাও ছিল না। তাই কোনো প্রত্যাশাও ছিল না। এভাবেই ছুটছি।”

অভিনেত্রী রত্না ঘোষালের হাত ধরে ‘রং বেরং’ টেলিভিশন সিরিজের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। এরপর কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে তিনি টালিউডের অন্যতম নির্ভরযোগ্য শিল্পীতে পরিণত হন। ঋতুপর্ণা বলেন, “আমি কোনো চলচ্চিত্র পরিবার থেকে আসিনি। তবে ইন্ডাস্ট্রিতে এসে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। স্বাধীনভাবে কাজ করেছি এবং নিজের শিল্পী সত্তাকে সর্বোচ্চভাবে প্রকাশ করার চেষ্টা করেছি।”

বর্তমান চলচ্চিত্র জগৎ নিয়ে তার প্রত্যাশা কেবলই সুস্থ ও কাজের উপযোগী পরিবেশ। তিনি মনে করেন, ছোট-বড় সব ধরনের চলচ্চিত্রের জন্যই ইন্ডাস্ট্রিতে জায়গা থাকা উচিত। শিল্পীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ঋতুপর্ণা বলেন, “আমি চাই সবাই যেন নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে। শিল্পীর মর্যাদা বজায় থাকুক এবং নতুন গল্প ও নতুন স্বপ্নকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হোক।”

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন