অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি শক্তির ইন্ধনে অভ্যুত্থান চেষ্টা ও রাষ্ট্রবিরোধী সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
মঙ্গলবার (১৬ জুন) রাষ্ট্রদ্রোহের এই সর্বোচ্চ সাজা কার্যকর করা হয় বলে দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে ইরানে তীব্র রূপ নেওয়া সরকারবিরোধী অভ্যুত্থান চেষ্টার সশস্ত্র নেতা জাভাদ জামানি এবং আবুলফজল সায়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তারা রাষ্ট্রীয় ও বেসরকারি সম্পত্তি ধ্বংস, বিদেশি শক্তির পক্ষে কাজ এবং সরকারবিরোধী নাশকতায় জড়িত ছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে ‘মুহারেবা’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ) ও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অভিযোগ আনা হয় এবং আদালত সর্বোচ্চ শাস্তির রায় দেয়।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, সাম্প্রতিক সময়ে বিদেশি প্ররোচনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নাশকতার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে চীনকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে ইরান।
|