ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম: আলিয়া ভাট
বিনোদন ডেস্ক: বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম হলেও নিজের অভিনয়গুণ ও মেধা দিয়ে ইন্ডাস্ট্রিতে পোক্ত অবস্থান গড়ে তুলেছেন আলিয়া ভাট। বর্তমানে তিনি চর্চায় রয়েছেন তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’ নিয়ে। ছবিটির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন নিজের অভিনয়জীবনের শুরুর দিকের নানা কথা।
আলিয়া জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন লালন করে বড় হয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি। আমার মাথায় সবসময় একটাই স্বপ্ন ছিল, একদিন টেলিভিশনের পর্দায় নিজেকে দেখব। বিশ্বাস ছিল, ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম হয়েছে।”
পারিবারিক সূত্রে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার না করলেও আলিয়া মনে করেন, প্রতিটি মানুষের জীবনেই চড়াই-উতরাই থাকে। তিনি বলেন, “আমার পথচলা অন্যদের থেকে আলাদা। জানি, বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে এসে এসব বলা সহজ। কিন্তু সেই জায়গা থেকেও বলছি, সবার জীবনেই খারাপ দিন আসে, হতাশার সময় আসে। তখন নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিতে হয়, স্বপ্ন দেখার অধিকার আমারও আছে এবং নিজের ওপর বিশ্বাস রাখার অধিকারও আছে।”
যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অংশ হিসেবে তৈরি ‘আলফা’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এই প্রথম এ ফ্র্যাঞ্চাইজিতে কোনো নারীপ্রধান সিনেমা নির্মিত হয়েছে। ছবিতে আলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শর্বরী ওয়াগ, ববি দেওল ও অনিল কাপুর। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমাটি।
জান্নাত সকালবেলা
|