বিরোধীদলীয় নেতার কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনারের সাথে বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আজ ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১১:৩০টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর হাইকমিশনার মি. ইমরান হায়দার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান দাংগাল।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পারস্পরিক সফর বিনিময় বেড়েছে।
বৈঠকে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের ঘোষণা দেন হাইকমিশনার। তিনি জানান, ইতোমধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গমন করেছেন। এছাড়া দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় ও ‘নলেজ করিডোর’ প্রকল্পকে আরও সংহত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য নিয়েও আলোচনা হয়।
হাইকমিশনার দুই দেশের মধ্যে সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা মান্যবর হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
জান্নাত সকালবেলা
|