বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, দক্ষ শিক্ষক তৈরি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি যুগোপযোগী শিক্ষা কাঠামো গড়ে তুলতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেমব্রিজের প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান শিক্ষা সংস্কারের প্রশংসা করে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা—সব পর্যায়েই সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাকে বাস্তবমুখী, কর্মসংস্থানমুখী এবং শিল্পখাত-সংশ্লিষ্ট করতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “আমাদের নতুন শিক্ষাদর্শনে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং বাস্তব দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

মাহদী আমিন আরও বলেন, “শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষণ-পদ্ধতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে আমাদের দেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে একটি বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।” এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও নাগরিক মূল্যবোধ বিকাশে বিএনসিসি ও রোভার স্কাউট কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উভয় পক্ষই শিক্ষা খাতের টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছে। কেমব্রিজের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে অরুণ রাজামানি, বিনয় শর্মা এবং সারওয়াত মাসুদা রেজা উপস্থিত ছিলেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন