নিরাপত্তায় জনগণ থেকে দূরে না থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, এসএসএফ প্রতিষ্ঠার সময়ের তুলনায় বর্তমান সময় ও আর্থ-সামাজিক পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, “একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই।”
এসএসএফ-এর প্রতি নিজের বিশেষ দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপরই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং, নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, একটি সফিস্টিকেটেড বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাই।”
নিজের তরুণ বেলা থেকেই এসএসএফ-এর কার্যক্রমের সাথে পরিচিত থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কাল থেকেই তিনি এই বাহিনীর কার্যক্রম প্রত্যক্ষ করছেন। বিশেষ করে, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে এসএসএফ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তার জন্য তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
জান্নাত সকালবেলা
|