পাকিস্তানে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
লাহোর জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আলিমা খানকে আটক করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাতে প্রশাসন দাবি করেছে, জনসমাগমস্থলে তাঁর উপস্থিতি সার্বিক জননিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে পিটিআই। কর্মসূচি সফল করতে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। তবে এ বিক্ষোভ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
আলিমা খানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বরের নির্ধারিত কর্মসূচি নিয়ে বর্তমান সরকারের চরম ভয় ও উৎকণ্ঠারই বহিঃপ্রকাশ এই গ্রেপ্তারের ঘটনা।
এআইএল/সকালবেলা