রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় চিকিৎসা সেবা নিতে আসা নারীকে শ্লীলতাহানি, মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৭ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন স্বজনের জন্য ওষুধ কিনতে এসে ফার্মেসিতে প্রতিনিধি/দালানের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা ভুক্তভোগী পরিবারটিকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে এক নারীর ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটায় এবং পরিবারের সদস্যদের মারপিট করে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে কেটে পড়ে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় পুলিশ ভুক্তভোগী পরিবারকে খুঁজে বের করে মামলা রুজু করে। পরে গত রাতে লক্ষ্মীপুর এলাকা থেকে মৃত গোলাম কিবরিয়া জিকিরের দুই ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজী উর রহমান বলেন, রাজশাহী মহানগরীতে চিকিৎসা সেবা নিতে এসে দালালদের দ্বারা কেউ হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন