কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, ২০টির কারণ অজানা

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, ২০টির কারণ অজানা

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ৯৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০টি হত্যার কারণ এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। একই সময়ে গত বছর খুনের ঘটনা ছিল ৯৯টি।

সম্প্রতি কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় এসব তথ্য নিশ্চিত করা হয়।

জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৩৯৯টি মামলা হয়েছে, যা গত বছরের চেয়ে ২৮২টি বেশি। হত্যার অধিকাংশ ঘটনার পেছনে পূর্বশত্রুতা (২৩টি), পারিবারিক কলহ (১৭টি) ও জমিজমা-সংক্রান্ত বিরোধ (১২টি) রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সভায় পুলিশ সুপার জানান, হত্যা সামান্য কমলেও এ সময়ে মাদক ও চোরাচালানের মামলায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। আট মাসে ৩৭ লাখ ৩ হাজার ২৪১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এবং অস্ত্র আইনে ৬২টি মামলায় ৮৩টি আগ্নেয়াস্ত্রসহ ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩০টি ডাকাতি মামলার কুখ্যাত আসামি শাহজাহান আলম ওরফে ‘বাদইল্যা ডাকাতকে’ নোহা গাড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ডাকাতি মামলায় জড়িতদের আইনি সহায়তা প্রদান নিয়ে পুলিশ সুপারের এক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান। তিনি একে আইনজীবীদের জন্য অসম্মানজনক বলে আখ্যা দেন।

জেলা পুলিশ জানিয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র-মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন