গোপালগঞ্জে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, চিকিৎসাধীন ১০০

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
গোপালগঞ্জে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, চিকিৎসাধীন ১০০

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রোববার (২০ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।

নিহত অর্ণব ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা আশীষ ধরের ছেলে।

সিভিল সার্জন জানান, অর্ণব ধর শুক্রবার সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় মোট ১ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ১ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় সংক্রমণ বাড়ায় বসতবাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমা পানি অপসারণ করা ও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন