দেশত্যাগের অধিকার খর্ব করেছে চীন: হিউম্যান রাইটস ওয়াচ
অনলাইন ডেস্ক: দেশি ও বিদেশি উভয় নাগরিকদের চীন ছাড়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের ক্ষমতা আরও বৃদ্ধি করেছে চীনের কমিউনিস্ট সরকার। এই লক্ষ্যে ১৯ ধারার একটি বিতর্কিত অধ্যাদেশ গত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। তবে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অবাধ দেশত্যাগের অধিকার লঙ্ঘনের বড় ঝুঁকি তৈরি হয়েছে।
চীনের স্টেট কাউন্সিলের ১৯ ধারার ‘রেগুলেশনস অন এক্সিট-এন্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন’ (ডিক্রি নম্বর ৮৪১) কার্যকর হওয়ার পর থেকে নিরাপত্তা বা অন্যান্য ঝুঁকি দেখিয়ে যেকোনো নাগরিক ও বিদেশি ভ্রমণকারীর ওপর সফর নিষেধাজ্ঞা জারি করার আইনি সুযোগ বিস্তৃত হলো।
এক বিবৃতিতে এইচআরডাব্লিউর এশিয়াবিষয়ক উপপরিচালক মায়া ওয়াং বলেন, "কে দেশ ছাড়তে পারবে আর কে পারবে না—সে বিষয়ে অস্পষ্ট কারণে নির্বিচারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বৃদ্ধি করল চীন সরকার। এটি মানবাধিকারকর্মী, সংখ্যালঘু এবং সেখানে বসবাসরত বিদেশি নাগরিকদের মুক্ত চলাচলের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ।"
জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় বলা হয়েছে, প্রতিটি মানুষের 'নিজের দেশসহ যেকোনো দেশ ত্যাগ করার এবং নিজ দেশে ফিরে আসার অধিকার রয়েছে'। তবে চীনের নতুন বিধিমালার অস্পষ্ট ধারাসমূহ এ ধরনের আন্তর্জাতিক মানদণ্ডের চরম লঙ্ঘন ঘটাতে পারে বলে মনে করছে মানবাধিকার সংস্থাটি।