সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগে মা আটক

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগে মা আটক

বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধের জেরে ১১ মাস বয়সী শিশুকন্যার মুখে বিষাক্ত কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৃগমারী গ্রামের ঈদগাহপাড়ায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অসুস্থ শিশু আনিকা খাতুন ওই এলাকার আলামিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্বামী আলামিনের সঙ্গে স্ত্রী সোনিয়া খাতুনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে সোনিয়া ঘরে থাকা ঘাসমারা কীটনাশক ঘুমন্ত শিশুকন্যার মুখে ঢেলে দেন। শিশুটির দাদি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে আঘাত করা হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত মা সোনিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন