নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ওলামা অ্যালায়েন্সের

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি ওলামা অ্যালায়েন্সের

স্টাফ রিপোর্টার: কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর যদি দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা না যায়, তাহলে অপরাধীদের মধ্যে দায়মুক্তির প্রবণতা তৈরি হয় এবং সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা কমে যায়। ইসলাম মানুষের জীবন ও নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অপ্রতিমের ঘটনা আমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। আইন প্রয়োগের পাশাপাশি পরিবারে নৈতিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে চরিত্র গঠন এবং সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করা জরুরি।

সংগঠনটির সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি। তিনি অপ্রতিমের শোকসন্তপ্ত মা-বাবা, পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলাম মানুষের জীবন, সম্মান ও নিরাপত্তাকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, “যে ব্যক্তি কোনো প্রাণকে প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।” অতএব রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, কোনো অপরাধী যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। অপ্রতিমের মৃত্যু যেন বিচারহীনতার আরেকটি উদাহরণ না হয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনের জন্য রাষ্ট্র ও সমাজের দায়িত্ববোধকে আরও জোরদার করার উপলক্ষ হয়ে ওঠে।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসীবের দোয়া করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন