আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও সার খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এই আহ্বান জানান।
দ্বিপক্ষীয় এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে জ্বালানির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি সার আমদানিতে আলজেরিয়ার সার্বিক সহায়তা প্রয়োজন। অন্যদিকে আলজেরিয়ার রাষ্ট্রদূতও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক খাতসমূহে বিনিয়োগ বাড়ানো এবং দ্রুততম সময়ে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন।