অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজে শোকের ছায়া, সুষ্ঠু বিচারের দাবি
বিনোদন প্রতিবেদক: স্মার্টফোনে প্রকৃতির ছবি তোলার খুব শখ ছিল ১৩ বছরের কিশোর অপ্রতিমের। কিন্তু সেই শখই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, তা কে জানত! ছবি তুলতে বের হয়ে আর ঘরে ফেরেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের সপ্তম শ্রেণি পড়ুয়া সন্তান অপ্রতিম। নিখোঁজের ২১ ঘণ্টা পর লালমাই পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ।
কিশোর অপ্রতিমের এই নির্মম ও মর্মান্তিক হত্যাকাণ্ড নাড়া দিয়েছে পুরো দেশকে। এ ঘটনায় ঢালিউড ও নাট্যাঙ্গনের তারকারা স্তব্ধ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, "অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের কথাই বারবার মনে পড়ে। ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হওয়া সন্তান আর ফিরল না—একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা হতে পারে না। কোনোভাবেই যেন এ সত্য চাপা না পড়ে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।"
অভিনেত্রী পূজা চেরীও গভীর শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, "একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাবে—এটা মেনে নেওয়া যায় না। অপ্রতিমের পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমরা চাই ঘটনাটির সঠিক তদন্তের মাধ্যমে দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।"
একই ঘটনায় সামাজিক মূল্যবোধ ও বস্তুবাদী মানসিকতাকে দায়ী করে তৌসিফ মাহবুব লেখেন, "আমরা একটি মোবাইলকে একটি জীবনের চেয়েও বেশি মূল্যবান বানিয়ে ফেলেছি। দোষটা আসলে আমাদের সমাজ ব্যবস্থার।" অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারহীনতা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার কার্যকরের তাগিদ দেন।
অপ্রতিমের হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা পর্যবেক্ষণ করছে সচেতন মহল ও সাধারণ মানুষ।