ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা কোনো অর্থও পাচ্ছে না। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনা শিগগিরই আবার শুরু হতে পারে, সম্ভবত এ সপ্তাহের শেষেই। তিনি ইঙ্গিত দেন, চুক্তি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরও করতে পারেন। সূত্র: আনাদোলু।
ট্রাম্প বলেন, মূল বিষয়গুলোর বেশিরভাগই চূড়ান্ত হয়েছে এবং আলোচনা খুব দ্রুতই এগোবে। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, যদিও দীর্ঘ ২১ ঘণ্টা ধরে আলোচনা চলে। বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা আগামী সপ্তাহের শুরুতে শেষ হওয়ার কথা।
এদিকে ইরানের জব্দকৃত প্রায় ২০ বিলিয়ন ডলার মুক্ত করে দেওয়ার বিনিময়ে ইউরেনিয়াম মজুত হস্তান্তরের সম্ভাবনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অর্থ ছাড় দেওয়ার বিষয় বিবেচনায় নেই। অন্যদিকে সিবিএস নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান ‘সবকিছুতেই সম্মত হয়েছে’ এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। তিনি জানান, এই প্রক্রিয়ায় মার্কিন সেনা মোতায়েন করা হবে না, তবে দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে কাজ করবে।
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে রূপ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কাজ করবে এবং ভবিষ্যতে লেবাননে আর কোনো বোমা হামলা হতে দেওয়া হবে না।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ