ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বেশিরভাগ মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেন, নিজের দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। এক জরিপে উঠে এসেছে এমনি চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের একদিন আগে জরিপের ফলাফলটি প্রকাশ করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।
গত ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এনপিআর, পিবিএস নিউজ ও মারিস্ট-এর যৌথ উদ্যোগে এ জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি মনে করেন, ট্রাম্প দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন, যা তার প্রথম মেয়াদকালের একই সময়ের তুলনায় ১৩ পয়েন্ট বেশি। গত এপ্রিলের তুলনায়ও এই নেতিবাচক মতামত ৪ শতাংশ বেড়েছে।
ট্রাম্পের জনসমর্থনে রাজনৈতিক দলের মতো স্পষ্ট বিভাজন লক্ষ্য করা গেছে। জরিপে দেখা যায়, ৯০ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন দেশ এক বছর আগের তুলনায় খারাপ অবস্থায় আছে। অন্যদিকে, ৮২ শতাংশ রিপাবলিকান মনে করেন পরিস্থিতির উন্নতি হয়েছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাসও কমেছে। ২০২৫ সালের মার্চে চালানো এক জরিপে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন প্রেসিডেন্ট, কংগ্রেস এবং আদালতের মধ্যে ক্ষমতা ভাগ করার ‘চেকস অ্যান্ড ব্যালেন্স’ ব্যবস্থা ভালোভাবে কাজ করছে। তবে নতুন জরিপে মাত্র ৩২ শতাংশ মানুষ বলেছে তারা এই ব্যবস্থার কার্যকারিতা অনুভব করেন।
জানুয়ারিতে পিউ রিসার্চ সেন্টারের করা একটি জরিপও দেখিয়েছে যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পদক্ষেপগুলো জনপ্রিয় নয়। মাত্র ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনি বলেছে, তারা তার সমস্ত বা বেশিরভাগ নীতি ও পরিকল্পনাকে সমর্থন করেন।
এমনকি ট্রাম্প নিজের দল রিপাবলিকান পার্টির অনেকের সমর্থনও হারাচ্ছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৭৫ শতাংশ রিপাবলিকান মনে করতেন ট্রাম্প নিজের কাজ করার জন্য পর্যাপ্ত মানসিক সক্ষমতা রাখেন, কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে এ সংখ্যা কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ের মধ্যে ট্রাম্প অফিসে নৈতিকভাবে কাজ করছেন বলে মনে করা রিপাবলিকানদের সংখ্যা ৫৫ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ