৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট: সাথে হচ্ছে গণভোটও

৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট: সাথে হচ্ছে গণভোটও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকেলেই এই দুই আসনের ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যে কমিশন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

রুহুল আমিন মল্লিক জানান, শেরপুর-৩ আসনে পুনরায় তফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে সময়সূচি নির্ধারণ করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশি এবং দেশের অভ্যন্তরে থাকা সরকারি কর্মকর্তা বা ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কমিশন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।

একই সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন যে, শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি এদিন দেশব্যাপী বহুল আলোচিত ‘গণভোট’ও অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় এখন তফসিল ঘোষণার চূড়ান্ত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন