টাঙ্গাইলে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: আটক ৪

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা: আটক ৪

টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির প্রস্তুতির সময় চারজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ভোররাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বাড়িতে রাত দেড়টা থেকে পৌনে তিনটার মধ্যে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে আনা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া ইতোমধ্যে জবাই করে গরুর মাংস হিসেবে বাজারে ছাড়ার জন্য প্যাকেটজাত করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন সেখানে হানা দেয় এবং মাংস প্রস্তুত করা অবস্থায় ঢাকার আশুলিয়া ও লালমনিরহাটের চার বাসিন্দাকে হাতেনাতে ধরে ফেলে।

এসময় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো জবাই করা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ মানুষের মধ্যে মাংস কেনা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন