ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ শহরে স্কুলপড়ুয়া শিশু ও কিশোরদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নওগাঁ সদর থানার চকদেবপাড়া এলাকার আজিজুল সরদারের ছেলে তানভির (২০) এবং ধামইরহাট থানার আগ্রাদ্বিগুন গ্রামের দেলোয়ারের ছেলে রিফাত (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি নওগাঁ শহরের ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সামনে ইমন নামে এক শিক্ষার্থীর গতিরোধ করে ২-৩ জন ছিনতাইকারী। তারা চাকু দিয়ে ভয় দেখিয়ে ইমনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও গলার একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। এর পরপরই একই এলাকায় আরেক স্কুলগামী শিশুর কাছ থেকেও একইভাবে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় ভুক্তভোগী অভিভাবকেরা নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত করে সোমবার রাতে অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে, তারা দীর্ঘ দিন ধরে নির্জন এলাকায় ওত পেতে থেকে চাকুর ভয় দেখিয়ে শিশু-কিশোরদের টার্গেট করে ছিনতাই করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ