উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ ‘বনলতা সুইটস’-এর বিরুদ্ধে

উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ ‘বনলতা সুইটস’-এর বিরুদ্ধে

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নামী প্রতিষ্ঠান ‘বনলতা সুইটস এন্ড বেকারী’-র বিরুদ্ধে মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন যোগ করে ক্রেতাদের ঠকানোর অভিযোগ উঠেছে। ডিজিটাল স্কেলে প্যাকেটের ওজন বাদ না দিয়েই মূল্য নির্ধারণ করায় সাধারণ ক্রেতাদের প্রতি কেজিতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলে দাবি উঠেছে।

সম্প্রতি এমডি তুহিন খাঁন নামের একটি ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে মূল্য রাখা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেক ক্রেতা মন্তব্য করেছেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই সুকৌশলে এই অনিয়ম করে আসছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সচেতন মহলের মতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের নেট ওজনের (পণ্যের প্রকৃত ওজন) মূল্য রাখা বাধ্যতামূলক। প্যাকেটের ওজন পণ্যের দামে বিক্রি করা সরাসরি প্রতারণার শামিল। এই ধরনের অসাধু ব্যবসায়িক চর্চা বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বনলতা সুইটস এন্ড বেকারী কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে উল্লাপাড়া পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. আলী আহম্মদ জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন