খামেনির শোকসভা স্থগিত: তেহরানে জনসমাগম সামলাতে হিমশিমে কর্তৃপক্ষ

খামেনির শোকসভা স্থগিত: তেহরানে জনসমাগম সামলাতে হিমশিমে কর্তৃপক্ষ

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে বুধবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া শোকসভাটি আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, "প্রাথমিক ঘোষণা অনুযায়ী বুধবার রাত ১০টা থেকে তিন রাতব্যাপী এই শোকসভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এবং সুষ্ঠু অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।" শোকসভার জন্য নতুন কোনো সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি।

তবে তেহরানের ইসলামি প্রচার সমন্বয় বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহসেন মাহমুদী জানিয়েছেন যে, তিন দিনের জাতীয় শোক কার্যক্রমের অংশ হিসেবে তেহরানের প্রধান চত্বরগুলোতে জনসমাবেশ অব্যাহত থাকবে।

এদিকে সিএনএন-এর খবরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কিছু খণ্ডচিত্র ফুটে উঠেছে। সেখানে জানানো হয়েছে, মার্কিন নাগরিকদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং উপসাগরীয় দেশগুলোতে শত শত ইরানি হামলার পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এছাড়া আইআরজিসি দাবি করেছে যে, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: সিএনএন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন