ময়মনসিংহে দরিদ্র নারীদের পাশে জাইমা রহমান

ময়মনসিংহে দরিদ্র নারীদের পাশে জাইমা রহমান

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও ভালুকা উপজেলায় ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন’ (ইউপিজি) কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

বুধবার (৪ মার্চ) সকালে তিনি কালিবাজাইল ও ধলিয়া এলাকায় ব্র্যাকের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনী পরিদর্শন এবং সুবিধাভোগী নারীদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার জাইমা রহমান ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামে মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের সুবিধাভোগী নারীদের সাথে মাটিতে চাটাইয়ে বসে অত্যন্ত সাধারণ ও আন্তরিক পরিবেশে কথা বলেন। বৈঠকে তিনি একজন প্রতিবন্ধী সদস্যসহ পাঁচ সদস্যের একটি টিমের দারিদ্র্য জয়ের গল্প এবং তাদের জীবনমান উন্নয়নে ব্র্যাকের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন। জাইমা রহমানের সাথে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কন্যা ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন’ (ইউপিজি) প্রোগ্রামটি দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে, বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি বিশ্ব স্বীকৃত মডেল। এই কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হয়। সুবিধাবঞ্চিত নারীদের ঘুরে দাঁড়ানোর গল্প সরাসরি শুনতে এবং তাদের জীবনযাত্রার মান সরেজমিনে দেখার উদ্দেশ্যেই তিনি এই কর্মসূচি পরিদর্শনে আসেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন