ঈদে ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর কাছে এমপি বেলালের আবেদন

ঈদে ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর কাছে এমপি বেলালের আবেদন

আবু রায়হান, রংপুর ব্যুরো: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর অঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মাত্রাতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ঢাকা-রংপুর রুটে বিশেষ বা অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)। 

বুধবার (৪ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই সংক্রান্ত একটি লিখিত আবেদন পেশ করেন তিনি।

সংসদ সদস্যের স্বাক্ষরিত ওই আবেদনপত্রটি রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসানের হাতে তুলে দেওয়া হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়, প্রতিবছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে রংপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে রাজধানী ঢাকায় কর্মরত বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। বর্তমানে এই রুটে ট্রেনের সংখ্যা চাহিদার তুলনায় অত্যন্ত কম হওয়ায় টিকিটের তীব্র সংকট তৈরি হয়। এর ফলে সাধারণ যাত্রীদের বাধ্য হয়ে সড়কপথে অতিরিক্ত ভাড়া দিয়ে এবং যানজটের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, যা চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

আবেদনপত্রে সংসদ সদস্য আরও উল্লেখ করেন, রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ঈদকেন্দ্রিক বিশেষ ট্রেন সুবিধার অভাবে সাধারণ মানুষকে প্রতিবছর ভোগান্তিতে পড়তে হচ্ছে। জনস্বার্থ বিবেচনা করে ঢাকা-রংপুর রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালু অথবা বর্তমানে চালু থাকা আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আবেদনপত্রটি গ্রহণের পর রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, “আমরা আবেদনটি হাতে পেয়েছি এবং গুরুত্ব বিবেচনা করে আজকেই প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর তা প্রেরণ করেছি।” ঈদের আগে এই দাবি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন