সুন্দরবনে ফের সক্রিয় ডাকাত দল: কোস্টগার্ডের অভিযানে গ্রেপ্তার ১

সুন্দরবনে ফের সক্রিয় ডাকাত দল: কোস্টগার্ডের অভিযানে গ্রেপ্তার ১

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সুন্দরবনে নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টাকালে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাত থেকে সকাল পর্যন্ত সুন্দরবনের মোংলা ও কয়রা থানা এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, নির্বাচনকালীন ব্যস্ততার সুযোগ নিয়ে সুন্দরবনে জলদস্যুবৃত্তি পুনরায় শুরু করার পরিকল্পনা করছিল একদল অসাধু চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা বেইস, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়নপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সুন্দরবনের কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আফজালের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি শর্টগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্বাচন পরবর্তী সময়ে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানের খবর পেয়ে ডাকাত সদস্যরা অস্ত্রগুলো লুকিয়ে রেখে লোকালয়ে আত্মগোপন করেছিল।

সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন