ইরান যুদ্ধ শেষের পথে: ট্রাম্পের দাবি

ইরান যুদ্ধ শেষের পথে: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি রয়েছে এবং এই সংঘাত ‘খুব শিগগির’ শেষ হতে পারে। তবে এই সপ্তাহের মধ্যেই তা শেষ হবে কি না, তা নিয়ে সরাসরি কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, রোববার (৮ মার্চ) ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে এই পদে নির্বাচিত করে। মোজতবা খামেনির নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া সমালোচনা করেছেন। তিনি মোজতবাকে ‘লাইটওয়েট’ বলে অভিহিত করে বলেছেন, ‘আমার মনে হয় তারা বড় ভুল করেছে।’ এর আগে ট্রাম্প স্পষ্ট করেছিলেন যে, ইরানের এই পদে কাউকে নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।

এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ইসরায়েল ও মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের দাবি, ইরানের সামরিক নেতৃত্বের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর পাল্টা হুমকি দিয়ে বলেছে, যুদ্ধ কবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল তাদেরই।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে এবং আঞ্চলিক উত্তজনা ক্রমেই বাড়ছে। মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের মাধ্যমে ইরান কঠোর অবস্থানই বজায় রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন