ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক রুমা আক্তারকে (৩২) নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী স্বামী রতন মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার সাহেব আলীর মেয়ে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় তিন বছর আগে রতন মিয়ার সাথে তাঁর বিয়ে হয়। তবে প্রথম স্ত্রীর পরিবার ও পারিবারিক কলহ নিয়ে রতনের সাথে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল।
র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন:
রতন মিয়া (৪৮): নিহতের স্বামী ও মামলার প্রধান আসামি।
আনোয়ারা খাতুন (৪৫): রতন মিয়ার প্রথম স্ত্রী।
রুনা আক্তার (২০): রতন ও আনোয়ারার মেয়ে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাফর আলী খান জানান, আসামিদের গ্রেপ্তারে র্যাব-১, র্যাব-৯ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালায়। গত রবিবার (৮ মার্চ) রাতে সুনামগঞ্জ থেকে রতন মিয়াকে এবং সোমবার (৯ মার্চ) নেত্রকোনা থেকে আনোয়ারা ও রুনাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে রুমা আক্তার দর্জির কাছ থেকে কাপড় নিয়ে বাসায় ফিরছিলেন। পথে চন্নাপাড়া এলাকায় রতন মিয়া, তাঁর প্রথম স্ত্রী ও মেয়ে রুমার পথরোধ করেন। পূর্বপরিকল্পিতভাবে রতন মিয়া রুমার পিঠের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত শনিবার (৭ মার্চ) শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও র্যাব জানিয়েছে, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ