রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদা দাবি: ২ আসামি গ্রেপ্তার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে হামলা ও চাঁদা দাবি: ২ আসামি গ্রেপ্তার

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী নগরীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা ও ৪ লাখ টাকা চাঁদা দাবির মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে রাজশাহী কোর্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ৩ নম্বর আসামি মিশাল (৩০), পিতা- করিম (টিকাপাড়া) এবং ৫ নম্বর আসামি ইব্রাহিম (৪০), পিতা- মৃত মানিক (বহরমপুর)। পুলিশ সূত্রে জানা গেছে, মিশালের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র মামলা রয়েছে এবং ইব্রাহিম এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা ইব্রাহিমকে গণপিটুনি দেয়।

গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ক্লাব পরিচালনার নামে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় শনিবার রাতে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে নুরে ইসলাম মিলনের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী ক্লাবে প্রবেশ করে।

হামলার সময় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল ঠেকিয়ে ক্লাবের সভাপতি রেজাউল করিমকে প্রাণনাশের হুমকি দেন। ধস্তাধস্তির একপর্যায়ে সুরুজ আলী নামে এক অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের উরুতে গুরুতর জখম করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর ক্ষতস্থানে ১৩টি সেলাই দিতে হয়েছে।

ঘটনার পর সাংবাদিকরা এগিয়ে এলে হামলাকারীরা একটি গাড়ি (কুমিল্লা-চ-৫১-০০২৮) ফেলে পালিয়ে যায়, যা পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন:

  • নুরে ইসলাম মিলন (৪৫)

  • সুরুজ আলী (৩০)

  • সাইদ আলী (৩৮)

  • রেন্টু (৩০)

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান:

"মামলার ৩ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেরও অপরাধমূলক রেকর্ড রয়েছে। মূল হোতা মিলনসহ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"

রাজশাহীর স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে সকল জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন