মাদকের টাকার জন্য বাবাকে নির্যাতন: ছেলের দুই মাসের কারাদণ্ড

মাদকের টাকার জন্য বাবাকে নির্যাতন: ছেলের দুই মাসের কারাদণ্ড

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা না পেয়ে নিজের জন্মদাতা বাবাকে ঘরের ভেতর বেঁধে নৃশংসভাবে মারধরের অভিযোগে রাসেল সরদার (৩০) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাসেল সরদার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের মাসুম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।

গত সোমবার (৯ মার্চ) রাসেল তার বাবার কাছে পুনরায় মাদকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে বাবাকে ঘরের খুঁটির সাথে বেঁধে এলোপাতাড়ি মারধর শুরু করে। ছেলের এই অমানবিক নির্যাতনে গুরুতর আহত হয়ে বর্তমানে তার বাবা ও মা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সময় চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী দ্রুত এগিয়ে এসে রাসেলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার করায় রাসেলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:

"মাদকাসক্ত রাসেল টাকার জন্য নিয়মিত তার বাবা-মাকে নির্যাতন করত। গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।"

শ্রীপুর থানা পুলিশ জানায়, মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন