মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার।

আহত অপর দুই প্রবাসী বাংলাদেশি হলেন— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালদ্বীপের রাজধানী মালের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন কাজ করছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন