যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো সাড়ে ৫৮ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো সাড়ে ৫৮ হাজার টন গম

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমের পঞ্চম চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ 'এমভি ক্যালিপসো এন'। 

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল থেকে জাহাজটি থেকে ৫৮ হাজার ৫০০ টন গম খালাস কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত বুধবার (১১ মার্চ) জাহাজটি সমুদ্র সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় নোঙর করে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'সেভেন সিজ'-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কালামা বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে জাহাজটি রওনা হয়েছিল। বন্দরে পৌঁছানোর পর গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে তা খালাস শুরু হয়।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবহান সরদার জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'জি টু জি' (সরকার টু সরকার) চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। এই চুক্তির অধীনে মোংলা বন্দর দিয়ে মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানি করার লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমান চালানটি সেই আমদানিরই পঞ্চম কিস্তি।

আগের চালানগুলোর পরিসংখ্যান: খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে মোংলা বন্দর দিয়ে চারটি চালানে উল্লেখযোগ্য পরিমাণ গম এসেছে:

  • ১ম চালান (২ নভেম্বর): ২২,৭৮০ টন

  • ২য় চালান (১৪ নভেম্বর): ৬০,৮৭৫ টন

  • ৩য় চালান (৫ জানুয়ারি): ২২,৭৫৬ টন

  • ৪র্থ চালান (১ ফেব্রুয়ারি): ৫৬,০০০ টন

আমদানিকৃত এসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইল্লোতে মজুত করা হয়। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন জেলার খাদ্য গুদামে সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের পাঁচ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন