ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: গ্রাফিকস ডিজাইন শিখে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই জাল নোট তৈরি শুরু করেছিলেন মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭)। তবে সেই জাল টাকা দিয়ে বাজারে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়তে হলো তাকে।
বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, ফারুকের কাছ থেকে এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোট ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০০০, ৫০০, ২০০, ১০০ ও ২০ টাকার নোট রয়েছে। এছাড়া জাল নোট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে ফারুক জানান:
তিনি ঢাকার একটি কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
চাকরি না পেয়ে গ্রাফিকস ডিজাইনের কোর্স করেন এবং একটি প্রিন্টিংয়ের দোকানে কাজ শুরু করেন।
কাজের ফাঁকে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট থেকে জাল নোট তৈরির পদ্ধতি রপ্ত করেন।
স্বল্প সময়ে অধিক লাভের আশায় তিনি দাগনভূঞা উপজেলার একটি দোকানে বসে এসব জাল নোট তৈরি করতেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম আরও যোগ করেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বড় অংকের জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল ফারুকের। ঈদের বাজারে জাল টাকার বিস্তার রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ