ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এনসিপি নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সাইফুল্লাহর গ্রামের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ মার্চ ) দিবাগত রাতে উপজেলার ৭নং বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ ডোমঘাটা গ্রামে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়।
ভুক্তভোগী সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক এবং ডাকসুর হাজী মোহাম্মদ মহসীন হল সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুন দেওয়ার সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে সাইফুল্লাহর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার পর শনিবার সকালে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। পরিদর্শনকালে তিনি হালুয়াঘাট সার্কেলের এএসপির সঙ্গে ফোনে কথা বলেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বাড়ি পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন:
"আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টার ফলশ্রুতিতে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। যেকোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।"
এছাড়া তিনি হালুয়াঘাটের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি জানান। এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্থানীয় ও জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ধোবাউড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ