স্টার সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পেল ৪ আলোচিত আন্তর্জাতিক সিনেমা
বিনোদন প্রতিবেদক: দেশের সিনেমাপ্রেমীদের জন্য নতুন চমক ও বিনোদনের বড় উপহার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় প্রেক্ষাগৃহ চেইন স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (২৪ জুলাই) থেকে তাদের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে প্রদর্শিত হচ্ছে ভিন্ন ভিন্ন ঘরানার চারটি আলোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র।
হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন অ্যানিমেশন এবং থ্রিডি কনসার্ট ফিল্ম—একই সঙ্গে দর্শকদের বৈচিত্র্যময় স্বাদ দিতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
আজ থেকে মুক্তি পাওয়া নতুন চারটি সিনেমা হলো—অতিপ্রাকৃত হরর ছবি ‘এভিল ডেড বার্ন’, সাইকোলজিক্যাল থ্রিলার ‘প্যাসেঞ্জার’, অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘টাইম হোপার্স : দ্য সিল্ক রোড’ এবং পপ তারকার বিশেষ কনসার্ট ফিল্ম ‘বিলি আইলিশ-হিট মি হার্ড অ্যান্ড সফট : দ্য ট্যুর’।
বিশ্বখ্যাত ‘এভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘এভিল ডেড বার্ন’ পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক। স্যাম রাইমি ও রব ট্যাপার্ট প্রযোজিত এই গা ছমছমে ছবিতে অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন। স্বামীর মৃত্যুর পর এক তরুণীর নির্জন বাড়িতে আশ্রয় নেওয়ার ঘটনা এবং পরবর্তীতে ‘বুক অব দ্য ডেড’-এর অভিশপ্ত শক্তি জেগে ওঠার পর পারিবারিক ভয়াবহ পরিস্থিতির গল্প তুলে ধরা হয়েছে এতে।
অন্যদিকে, সাইকোলজিক্যাল প্রটোগোনিস্ট নির্ভর ছবি ‘প্যাসেঞ্জার’ পরিচালনা করেছেন আন্দ্রে ওভ্রেডাল। জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও অভিনীত এ ছবিতে রোড ট্রিপে বের হওয়া এক দম্পতির মুখোমুখি হওয়া এক অদৃশ্য ও রহস্যময় অতিপ্রাকৃত শক্তির লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।
পরিবার ও শিশু-কিশোরদের বাড়তি আনন্দ দিতে আনা হয়েছে অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘টাইম হোপার্স : দ্য সিল্ক রোড’। ২০৫০ সালের প্রেক্ষাপটে তৈরি এ ছবিতে 'আকলি একাডেমি'র চার মেধাবী শিক্ষার্থীর টাইম-ট্রাভেল করে ৮২৫ খ্রিস্টাব্দের ঐতিহাসিক বাগদাদে চলে যাওয়া এবং ইতিহাস রক্ষার এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ফুটিয়ে তোলা হয়েছে।
সংগীতপ্রেমী তরুণ প্রজন্মের জন্য অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে ‘বিলি আইলিশ-হিট মি হার্ড অ্যান্ড সফট : দ্য ট্যুর’। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের থ্রিডি প্রযুক্তিতে নির্মিত এই কনসার্ট ফিল্মটিতে বিশ্বখ্যাত পপ তারকা বিলি আইলিশের ম্যানচেস্টার কনসার্টের জাঁকজমকপূর্ণ মুহূর্তগুলো ডলবি সাউন্ড প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা প্রেক্ষাগৃহে কনসার্টের সত্যিকারের অনুভূতি দেবে।
একসঙ্গে চারটি আন্তর্জাতিক ধারার চলচ্চিত্র প্রদর্শনের বিষয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, "আমরা সবসময়ই বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী দর্শককে বিশ্বমানের ও বৈচিত্র্যময় সিনেমা দেখার সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই দিনে ভয়, রোমাঞ্চ, বিজ্ঞান ও সঙ্গীতের এমন দুর্দান্ত সংযোজন স্টার সিনেপ্লেক্সে আগে কখনো দেখেনি দর্শক। আশা করছি সবাই বন্ধু ও পরিবার নিয়ে দুর্দান্ত একটি সিনেমাটিক সপ্তাহ উপভোগ করবেন।"
|