গজারিয়ায় ৪ ক্লিনিকে অভিযান: সিলগালা, বন্ধ ও জরিমানা
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল এবং চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে ১টি ক্লিনিক সিলগালা, ১টি ক্লিনিককে সাময়িকভাবে বন্ধ এবং আরও ২টি ক্লিনিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন সুলতানা তিথী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান এবং উপজেলা স্যানিটারি পরিদর্শক ফারহানা খানম।
অভিযানে মোট ৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ভবেরচর এলাকার 'গজারিয়া পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-কে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাময়িকভাবে বন্ধ, 'ভবেরচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-কে ৩ হাজার টাকা জরিমানা, জামালদী বাসস্ট্যান্ড এলাকার 'হামদর্দ জেনারেল হাসপাতাল'-কে ১০ হাজার টাকা জরিমানা এবং অনিয়মের দায়ে 'নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-কে সিলগালা করা হয়।
অন্যদিকে, জামালদীতে অবস্থিত 'শুকরিয়া ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল' এবং 'মেঘনা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল'-এর উন্নত সেবার মান ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে আভিযানিক দল।
অভিযান শেষে জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, “সাধারণ মানুষের সঠিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স যাচাই, পর্যাপ্ত চিকিৎসক ও জনবল এবং চিকিৎসা সরঞ্জাম ঠিক আছে কি না তা খতিয়ে দেখতেই এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
|