‘শিক্ষার্থীদের বড় জয়’: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বলিউডে উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক: মেডিকেল ভর্তির সর্বভারতীয় 'নিট' (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজধানী দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক শীর্ষ তারকা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষার্থীদের প্রতি সংহতি ও জয় উদযাপনে সরব হন প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, মালাইকা অরোরা ও জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাসসহ অনেকে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিনেত্রী সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রেকিং নিউজের স্ক্রিনশট শেয়ার করে বেশ কয়েকটি করতালির ইমোজি জুড়ে দেন। এরপর আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকের একটি ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘ভাই, কী করে ফেললে!’
অন্যদিকে বিশ্বখ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরটি পোস্ট করে নীরব অথচ তাৎপর্যপূর্ণ ইমোজির মাধ্যমে সমর্থন প্রকাশ করেন। কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী প্রাজক্তা কোলি ভাইরাল একটি পোস্টের কমেন্ট বক্সে লেখেন, ‘বিগ, বিগ, বিগ উইন!’ (বিশাল বড় জয়)। এছাড়া মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি ও তিসকা চোপড়াও সোশ্যাল মিডিয়ায় এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
নিজের চমৎকার রসবোধ ও ভিন্নধারার প্রতিক্রিয়ায় নজর কেড়েছেন অভিনেতা বিজয় ভার্মা। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমার বিখ্যাত গান উদ্ধৃত করে লেখেন— ‘আচ্ছা চলতা হুঁ... দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।’
শিক্ষার্থীদের এই সংগ্রামকে কুর্নিশ জানিয়ে বিশিষ্ট কৌতুক অভিনেতা বীর দাস ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লেখেন, "বন্ধুরা, তোমরা পাঠ্যবইয়ে পড়া ভুলেই যাওয়া কোনো এক বাক্যের একটি শব্দকে আবার ফিরিয়ে এনেছ। সামনে যা-ই ঘটুক না কেন, আজ অন্তত তোমরাই বিজয়ী। এবার জয় উদযাপন করো।"
উল্লেখ্য, দিল্লি কেন্দ্রিক শিক্ষার্থী সংগঠন সিজেপি-র আন্দোলন ও অনশনের অন্যতম প্রধান দাবিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা প্রদানের বাকি দুটি দাবিতেও সরকার ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
|