১৭ বছরের জমে থাকা সমস্যা রাতারাতি মেটানো কঠিন: শরণখোলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানামুখী বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি জানান, এসব উদ্যোগের অংশ হিসেবে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও গতিশীল করতে সারা দেশে নিয়োগ দেওয়া হবে নতুন ৫০০ জন চিকিৎসক এবং প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে এসব তথ্যের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালে প্রবেশ করেই মন্ত্রী প্রথমেই সরাসরি চলে যান রোগীদের রান্নাঘর পরিদর্শনে। সেখানে গিয়ে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান, পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ নিজে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন। এ সময় অনেক রোগী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ার বিষয়ে সরাসরি মন্ত্রীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। রোগীদের অভিযোগ এবং রান্নাঘরের সার্বিক পরিবেশ দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ চিকিৎসকের শূন্য পদ, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, আধুনিক স্বাস্থ্য উপকরণ এবং অবকাঠামোগত নানা সংকটের বিষয় মন্ত্রীকে অবহিত করেন। স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে সব অভিযোগ শুনে দ্রুত সমাধানসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “স্বাস্থ্যখাতে বর্তমানে যে বিপুল জনবল ও অবকাঠামোগত সংকট দেখা যাচ্ছে তা নতুন নয়; এটি বিগত সরকারের আমলের দীর্ঘদিনের গাফিলতির ফল। আমরা দায়িত্ব নেওয়ার পর মাত্র পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে। ১৭ বছরের জমে থাকা অনিয়ম ও সমস্যা এত অল্প সময়ে পুরোপুরি দূর করা কঠিন। তবে ইতিমধ্যে আমরা নতুন জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে কার্যকর করার পদক্ষেপ নিয়েছি।”
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এবং উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|