জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি মানবে না জনগণ: নাটোরে সুশীল সমাজ ও নেতাদের হুঙ্কার
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক প্রতিনিধিত্বশীল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকায় ১১ দলীয় জোট নাটোর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দীন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হাসাইন আহমদ মেহেদী। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইব্রাহিম হাসান রনি।
নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের দক্ষ সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই শহীদ মিকদাদ হাসান খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হাসান খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইউনুস আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।
সেমিনারে আমন্ত্রিত বক্তারা বর্তমান সরকারের প্রতি দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট আহ্বান জানান। তারা চরম ক্ষোভ ও হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন, “জনগণের বহুল প্রত্যাশিত গণভোটের রায় ও রূপরেখা বাস্তবায়ন না করা হলে তা হবে জুলাইয়ের আত্মত্যাগী শহীদদের রক্তের সঙ্গে চরম বেঈমানি। দেশের সাধারণ মানুষ কোনো অবস্থাতেই এই বিলম্ব কিংবা অবহেলা মেনে নেবে না।”
|