রোববার বা সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন
জাতীয় প্রধান: পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী রোববার বা সোমবারের (২৬ বা ২৭ জুলাই) মধ্যে তিনি রাষ্ট্রপতির অফিশিয়াল বাসভবন ‘বঙ্গভবন’ ছেড়ে রাজধানীর গুলশানের নিজ বাসায় উঠবেন বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করে ওই কর্মকর্তা জানান, "মাননীয় সাবেক রাষ্ট্রপতি আগামী সোমবারের মধ্যেই বঙ্গভবন ছাড়তে পারেন, তবে সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন হলে রোববারও তিনি বঙ্গভবন ত্যাগ করতে পারেন। বঙ্গভবন ছেড়ে তিনি সরাসরি গুলশানের বাসভবনে উঠবেন। তাঁর ব্যক্তিগত উইং এই সংক্রান্ত সার্বিক তদারকি ও প্রস্তুতি নিশ্চিত করছে।"
রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের ইস্তফা দেওয়ার আলোচনার মধ্যেই গত শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান-১ এর ১২৩ নম্বর রোডে অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবন ‘গ্রিন ভিলা’য় গিয়ে নতুন বিটিসিএল টেলিফোন সংযোগ স্থাপনসহ যাবতীয় আনুষঙ্গিক প্রস্তুতি গ্রহণ করতে দেখা গেছে সংশ্লিষ্টদের।
নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতির কথা তুলে ধরে ওই বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম জানান, পদত্যাগের পর ভবনটির পঞ্চম তলায় সাবেক রাষ্ট্রপতির থাকার বন্দোবস্ত করা হয়েছে। তিন-চার দিন আগেও তিনি ব্যক্তিগতভাবে বাসাটি পরিদর্শন করে গেছেন। ইতিমধ্যে তাঁর থাকার সুবিধার জন্য আনুষঙ্গিক কাজ প্রায় শেষ হয়েছে এবং সার্বিক নিরাপত্তার সুবিধার্থে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বেশ কয়েকজন সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের মেয়াদে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সাবেক দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন। তবে পাঁচ বছরের নির্ধারিত মেয়াদের পৌনে দুই বছর বাকি থাকতেই, ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে গত শুক্রবার (২৪ জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি।
|