রাশিয়া থেকে সরাসরি সার আমদানির সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সার সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থায় সৃষ্ট সংকট মোকাবিলায় বিকল্প পথ বেছে নিয়েছে সরকার। কৃষক পর্যায়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় দরপত্র আহ্বান করা সত্ত্বেও চাহিদামতো সার পাওয়া জটিল হয়ে পড়ছিল। এমতাবস্থায় আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাওয়া ‘মিনি পিক সিজন’ এবং পরবর্তী মৌসুমের জন্য সারের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে সরকার এই জরুরি উদ্যোগ নিয়েছে।
পাশাপাশি অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে কৃষি উৎপাদন ও শিল্পখাতের কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৭০৫ কোটি টাকার তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে:
সরাসরি ক্রয় পদ্ধতিতে রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৩৪৮ কোটি ৫৫ লাখ টাকা। এটি সরবরাহ করবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি’। সৌদি আরবের ‘সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস’ থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে প্রায় ১৮৫ কোটি ১৩ লাখ টাকা। টিএসপিসিএল-এর জন্য ১৫ হাজার মেট্রিক টন রক সালফার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যা সরবরাহ করবে ‘ফ্যাবসকো কনস্ট্রাকশন লিমিটেড’। এতে ব্যয় হবে ১৭১ কোটি ১ লাখ টাকা।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, দেশের অভ্যন্তরীণ উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় নিয়মিত বিরতিতে বিদেশ থেকে সার আমদানি অপরিহার্য। সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে এই সার আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে, যাতে কোনোভাবেই কৃষকরা সারের সংকটে না পড়েন।
জান্নাত সকালবেলা
|