১৫ দিন পর এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে: বিচার ব্যবস্থা নিয়ে রামিসার বাবার ক্ষোভ

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
১৫ দিন পর এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে: বিচার ব্যবস্থা নিয়ে রামিসার বাবার ক্ষোভ
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: "আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড বা উদাহরণ নেই"—রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারের বাবা আবদুল হান্নান মোল্লা গণমাধ্যমকর্মীদের সামনে এভাবেই নিজের বুকফাটা আক্ষেপ ও ক্ষোভ উগরে দিয়েছেন।

সন্তান হারানোর শোকে কাতর এই বাবা দেশের বিচার ব্যবস্থার প্রতি চরম অনাস্থা প্রকাশ করে আরও বলেন, "আপনারা বিচার করতে পারবেন না, আর আমার মেয়েও কখনো ফিরে আসবে না। বড়জোর আগামী ১৫ দিন এই ঘটনা নিয়ে তোলপাড় চলবে। এরপর দেশে নতুন কোনো ঘটনা ঘটবে আর আমার মেয়ের নির্মম হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা পড়ে যাবে।"

গত সোমবার মিরপুর-১১ নম্বরের একটি ফ্ল্যাটে প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার হয় সাত বছরের শিশু রামিসা। ডিএমপির তদন্তে উঠে এসেছে, শিশুটিকে ভেতরে যখন নির্যাতন ও গলা কেটে হত্যা করা হচ্ছিল, তখন বাইরে দাঁড়িয়ে দরজায় অনবরত কড়া নাড়ছিলেন তার মা। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে শয়নকক্ষের খাটের নিচে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুমের বালতিতে খণ্ডিত মাথাটি উদ্ধার করে। পুলিশ ইতিমধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করলেও, অতীতে বহু শিশু হত্যার বিচার থমকে থাকার তিক্ত অভিজ্ঞতা থেকে নিহত রামিসার বাবার এই হৃদয়বিদারক আক্ষেপ পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন